সম্প্রতি ইসলাম গ্রহণ করা ৮০ জনকে উমরাহ পালনের প্যাকেজ উপহার দেওয়া হয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে। কিরগিজস্তান মুসলিম ধর্মীয় অধিদপ্তরের (এসডিএমকে) উদ্যোগে ও একটি ভ্রমণ কোম্পানির সহযোগিতায় আয়োজিত দাতব্য কর্মসূচির আওতায় এ প্যাকেজ দেওয়া হয়। বিশকেকের ইমাম সারাখসি মসজিদে এক অনুষ্ঠানে প্যাকেজগুলো হস্তান্তর করা হয়।

প্যাকেজ পাওয়া ৮০ জনের মধ্যে ৫৫ জন রুশ ও ২৫ জন কোরীয় বংশোদ্ভূত। সবাই সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মীয় অধিদপ্তরের উপ-মুফতি রাফাইল তাতিকভ; তিনি ভবিষ্যৎ তীর্থযাত্রীদের শুভকামনা জানান।

ভ্রমণ কোম্পানি জাজিরা ট্রাভেলের প্রধান মাদালি ওইতেমিরভ বলেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য। উমরাহ পালনকারীরা সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলো পরিদর্শনের সুযোগ পাবেন।

হজের বিপরীতে উমরাহ ইসলামি ক্যালেন্ডারের নির্দিষ্ট কোনো তারিখের সঙ্গে বাঁধা নয়; বছরের যেকোনো সময়েই তা পালন করা যায় বলে জানিয়েছে ধর্মীয় অধিদপ্তর।