ঋতু বৈচিত্র্যের পালাবদলে প্রকৃতিতে এখন শীতের মৃদু আগমন বার্তা। রাতের শেষ প্রহরে কুয়াশার চাদর আর ভোরে হালকা ঠাণ্ডা বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আর এই শীতের আমেজ মানেই গ্রামবাংলার সুস্বাদু ও ঐতিহ্যবাহী খেজুরের রস। আবহমান বাংলার সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে যশোরের শার্শা উপজেলার মাঠে মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন গাছিরা।

'যশোরের যশ খেজুরের রস' প্রবাদটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এ অঞ্চলের নাম ও ঐতিহ্য। সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রতিবছরের মতো এবারও শীত নামার আগেই খেজুর গাছ প্রস্তুত করার কাজে নেমে পড়েছেন উপজেলার গাছিরা। চারদিকে এখন চলছে গাছ ঝোড়ার বা কাটার ধুম। গাছিরা অত্যন্ত নিপুণ হাতে ধারালো দা দিয়ে গাছের ডালপালা কেটে পরিষ্কার করছেন। এরপর গাছের বুক চিরে রস ঝরার উপযোগী করে তৈরি করা হচ্ছে নলি ও বাঁশের খুঁটি।

শীতের শুরুতেই রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি হিসেবে গাছিদের দম ফেলার ফুরসত নেই। তবে স্থানীয় গাছি ও প্রকৃতিপ্রেমীদের সচেতনতায় এখনো বহু মানুষ এই ঐতিহ্যকে ধরে রেখেছেন। শীতের এই সময়ে গ্রামীণ অর্থনীতিতেও রস ও গুড় একটি বড় ভূমিকা পালন করে।

স্থানীয় গাছিরা জানায়, বর্ষার পানি শুকিয়ে যাওয়ার পর থেকেই খেজুর গাছ প্রস্তুতের কাজ শুরু হয়। গাছ কাটার পর কিছুদিন রোদে শুকানোর পর তাতে হাঁড়ি বা কলস পাতার উপযোগী করা হয়। শীত যত ঘনিয়ে আসবে, রসও তত বেশি মিষ্টি ও সুস্বাদু হবে। শীতের সকালে মিষ্টি রোদে বসে তাজা খেজুরের রস খাওয়ার আনন্দই আলাদা। এছাড়া এই রস দিয়ে তৈরি হয় সুস্বাদু পাটালি গুড়, যার কদর রয়েছে দেশজুড়ে।

শার্শা কৃষি অফিসের কর্মকর্তারা বলছে, যশোরের শার্শার রস গুড় ও পাটালির ব্যাপক নাম রয়েছে। চলতি বছরে রস সংগ্রহ করতে গাছীরা ব্যস্ত সময় পার করছে। গাছীদের রস সংগ্রহের কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।