ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় নিজেদের স্ত্রীদের হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই জায়ের মধ্যে দীর্ঘদিনের ঝগড়া-বিবাদ নিয়ে ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে চাঞ্চল্যকর বিষয় হলো, হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগেই ওই দুই নারী নিজেদের মধ্যকার বিবাদ মিটিয়ে ফেলেছিলেন।
অভিযুক্ত দুই ভাই হলেন পেশায় অ্যাম্বুলেন্সচালক শিব শংকর সাহু এবং তার ভাই নবীন সাহু। গত সোমবার (২৩ নভেম্বর) তারা তাদের দুই স্ত্রী মিনি প্রিয়া (২৮) এবং রাধিকা কুমারীকে (২০) কুড়াল দিয়ে হত্যা করেন। হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহ দুটি অ্যাম্বুলেন্সে করে পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে গিয়ে মাটিচাপা দিয়ে পুঁতে রাখা হয়।
ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্তরা শুরুতে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। মঙ্গলবার দুই ভাই পুলিশকে জানিয়েছিলেন, তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে শেষ পর্যন্ত তারা অপরাধের কথা স্বীকার করেন। অভিযুক্তদের স্বীকারোক্তির পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সিমডেগার ওই জঙ্গলে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। সোমবার সকাল ৯টার দিকে নিহত নারীদের পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলেছিলেন; তখন সবকিছু স্বাভাবিক বলেই মনে হয়েছিল।
এই ঘটনায় অভিযুক্তদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল এবং মরদেহ বহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে বাবা-মায়ের ভূমিকা কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা জানান, দুই নারীর মধ্যে বিরোধ মিটে যাওয়ার পরও কেন দুই ভাই হত্যাকাণ্ড ঘটালেন, তা এখনো পরিষ্কার নয় তদন্ত চলছে।









