অনলাইনে খাবার বিক্রি করে ভ্যাট রিটার্নে কম দেখানোয় ২৯টি রেস্তোরাঁর প্রায় ৩ কোটি টাকা বিক্রয় তথ্য গোপনের প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অনুসন্ধান প্রতিবেদনে এ ফাঁকি উঠে এসেছে; বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড এই তিনটি ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, ২৯টি রেস্তোরাঁর মোট অনলাইন বিক্রির পরিমাণ ছিল ৬ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৯১৫ টাকা। অথচ প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট মাসের ভ্যাট রিটার্নে ডাইন-ইন, পার্সেল ও অনলাইনসহ তাদের সর্বমোট বিক্রি দেখিয়েছে মাত্র ৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১২৫ টাকা। ফলে দাখিলপত্রের চেয়ে অনলাইন বিক্রির অতিরিক্ত ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা সম্পূর্ণভাবে গোপন করা হয়েছে। হিসাবটি গত আগস্ট মাসের।
বাজার সমীক্ষা অনুযায়ী একটি রেস্তোরাঁর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ আসে অনলাইনে এবং বাকি ৯০ শতাংশ বিক্রি হয় সরাসরি আউটলেটে। অথচ দাখিলপত্রে পুরো রেস্তোরাঁর সব ধরনের বিক্রয় হিসাব থাকার কথা থাকলেও প্রতিষ্ঠানগুলো শুধু অনলাইনে হওয়া বিক্রির সমপরিমাণ অর্থও দাখিলপত্রে দেখায়নি। এর ফলে আউটলেটের বাকি ৯০ শতাংশ বিক্রির প্রায় পুরোটা এবং অনলাইনের বড় একটি অংশের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।
শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুলতান'স ডাইনের গুলশান, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম শাখায় অনলাইন বিক্রি ছিল ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকার বেশি; দাখিলপত্রে ১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা দেখিয়ে গোপন করা হয়েছে ৫০ লাখ ৪ হাজার ৯৭৮ টাকা। পিৎজা বার্গের শাখাগুলোয় অনলাইন বিক্রি ছিল ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা, দাখিলপত্রে দেখানো হয় ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা গোপন ৮৪ লাখ ৫ হাজার ৯৯১ টাকা। বার্গার এক্সপ্রেসের বনানী শাখায় অনলাইন বিক্রি ২৯ লাখ ৩৮ হাজার টাকার বিপরীতে রিটার্নে দেখানো হয় মাত্র ২ লাখ ৪২ হাজার টাকা গোপন ২৬ লাখ ৯৬ হাজার টাকা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনটি প্ল্যাটফর্ম মিলিয়ে দেশে প্রায় ৬ থেকে ৭ হাজার ইউনিক রেস্তোরাঁ রয়েছে। মাত্র ২৯টি রেস্তোরাঁর এক মাসের হিসাব পর্যালোচনাতেই যদি প্রায় ৩ কোটি টাকার বিক্রয় গোপন পাওয়া যায়, তবে এই হাজার হাজার প্রতিষ্ঠানের গত কয়েক বছরের প্রকৃত হিসাব বের করলে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়াবে শত শত কোটি টাকা। এ প্রেক্ষাপটে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক মুহম্মদ জাকির হোসেনের সই করা চিঠিতে দেশের ১৬টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে; ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁকে নজরদারিতে রাখা হয়েছে।









