মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে কালকিনি পৌর মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও পালটা মিছিল বের করেন।
একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক হাতবোমা বিস্ফোরণ হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও এসআরবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা দ্বন্দ্ব চাই না। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে।’
কালকিনি থানার ওসি সোলাইমান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।









