পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়ায় সন্তান প্রসবের মাত্র কয়েক দিন পর স্বামীর হাতে খুন হয়েছেন ইরানের ১৪ বছর বয়সি এক কিশোরী। গত ৬ নভেম্বর দেশটির কেরমান প্রদেশে সোগান্দ মোশতারেকি নামের ওই কিশোরীকে হত্যা করা হয় বলে জানিয়েছে মানবাধিকারকর্মীরা।
ইরানের ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্সের (এনসিআরআই) নারী কমিটির তথ্য অনুযায়ী, সোগান্দের স্বামী হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার কারণ হিসেবে তিনি ‘পারিবারিক বিরোধের’ কথা উল্লেখ করেছেন।
মাত্র ১৩ বছর বয়সে সোগান্দকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের দুই সপ্তাহেরও কম সময় আগে এই স্কুলছাত্রী একটি সন্তানের জন্ম দেন। এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় একটি সড়ক দুর্ঘটনা থেকেও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি।
ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) সংস্থাকে সোগান্দের বাবা জানান, তার স্বামী মেয়েকে পরিবারের সঙ্গে কথা বলতে দিতেন না। এমনকি বাইরে গেলে তাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখতেন। আইএইচআর জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোগান্দের মৃত্যুর দিনই ইরানে স্বামীর হাতে প্রাণ হারান আরেক তরুণী। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে নির্যাতনকারী স্বামীকে তালাক দিতে চাওয়ায় ২১ বছর বয়সি অন্তঃসত্ত্বা সেপিদেহ রাইসিকে গুলি করে হত্যা করা হয়। বাল্যবিয়ের শিকার সেপিদেহ তিন বছর বয়সি একটি সন্তান রেখে গেছেন। এনসিআরআই জানিয়েছে, মাত্র ১৩ বছর বয়সে তারও বিয়ে হয়েছিল।
সংস্থাটির মতে, ইরানে জোরপূর্বক বাল্যবিয়ের শিকার মেয়েরা শিক্ষা, ব্যক্তিগত বিকাশ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হন।
এনসিআরআইয়ের তথ্য অনুযায়ী, শুধু গত অক্টোবর মাসেই ইরানে ২৪টি ‘ফেমিসাইড’ বা নারী হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে মানবাধিকার সংস্থাটি সতর্ক করেছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ অনেক হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে না।
এর আগে ইরানে ১৯ বছর বয়সি অন্তঃসত্ত্বা হেলিয়া ফাত্তাহিকে তার নিজের বাবা-মা হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। মৃত্যুর কয়েক দিন আগে পরিবারকে নিজের দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, মেয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে শনিবার আদালতে গিয়েছিলেন তার বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লাইলা ভেইসি। পরে বাড়িতে ফিরে তারা হেলিয়াকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনিবিরোধী ওষুধ খাওয়ান এবং মারধর করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি বেঁচে আছেন বুঝতে পেরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে সংস্থাটি জানিয়েছে।
জরুরি চিকিৎসাকর্মীরা বাড়িতে পৌঁছালে বাবা-মা দুজনেই হত্যার কথা স্বীকার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই দিনই পুলিশ তাদের গ্রেপ্তার করে।









