কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন পলাতক শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক স্থলবন্দর-সংলগ্ন এলাকায় দেখা গেছে। জুলাই গণহত্যা মামলার আসামি এসব নেতা নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দুটি সীমান্ত এলাকায় সফর করেছেন। গত রোববার (২২ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত এলাকায় এবং বুধবার (২৫ নভেম্বর) আগরতলার কাছে আখাউড়া সীমান্তে যান তারা।

শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে আওয়ামী লীগের নেতৃত্ব। এসব পরিকল্পনার অংশ হিসেবেই পলাতক নেতারা সীমান্ত-সংলগ্ন এলাকাগুলো সফর করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কোন পরিকল্পনা চূড়ান্ত হবে, সে সিদ্ধান্ত নেবেন দলটির নেত্রী শেখ হাসিনা।

এ ছাড়া ত্রিপুরায় অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গেও সফরকারী নেতাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

ত্রিপুরার সীমান্ত এলাকায় যাওয়া নেতাদের মধ্যে অন্তত দুজন এরই মধ্যে আগরতলা ছেড়েছেন। বাকিদের শুক্রবার ত্রিপুরা থেকে ফেরার কথা ছিল।

প্রতিবেদনে বলা হয়, আখাউড়া সীমান্ত এলাকায় যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আলাউদ্দিন নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত-আটজন ছিলেন। তাদের কয়েকজন গত রোববার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকাতেও গিয়েছিলেন।

তবে দুই সীমান্ত এলাকাতেই তারা ভারতীয় নিরাপত্তা বলয়ের ভেতরে প্রবেশ করেননি। বাইরে থেকেই এলাকাগুলো পর্যবেক্ষণ করেছেন। স্থানীয় ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কর্মকর্তারা তাদের চলাচলের ওপর দূর থেকে নজর রেখেছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাতে বিবিসি বাংলা আরও জানিয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার আগেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কেউ কেউ বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতসহ বিভিন্ন দেশে চলে যাওয়া এসব নেতাকর্মীর মধ্যে অনেকে ইতোমধ্যে দেশে ফিরেছেন। তবে গ্রেপ্তারের আশঙ্কায় তাদের ফেরার তথ্য প্রকাশ করতে চান না দলটির নেতারা।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারত ছাড়াও অন্যান্য দেশে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বাংলাদেশে ফিরেছেন। গত দেড় মাসে ছাত্রলীগ ও যুবলীগসহ দলটির বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০০ তরুণ ও যুবক দেশে ফিরেছেন বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানালেও এখনো ভারতের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিষয়টি তারা পর্যালোচনা করছেন।

অন্যদিকে ভারতের কয়েকজন বিশ্লেষক মনে করছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই। তবে এ বিষয়ে ভারতের সরকারের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এ ছাড়া আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের কাছে পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা। তবে তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ফলে আইনি প্রক্রিয়ায় তার দেশে ফেরার পথ এখনো অনিশ্চিত রয়েছে।