রাজধানীর খিলগাঁওয়ে বডি নির্মাণাধীন একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। খিলগাঁও থানার এসআই মোঃ এমদাদ আলী বাদী হয়ে ২৫ নভেম্বর এজাহার দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে খিলগাঁও থানাধীন নাগদার পাড়ায় মোস্তামি পুলিশ বক্সসংলগ্ন ফোর্ট ইঞ্জিনিয়ারিং নামক বডি বিল্ডার্সের সামনে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা বডি নির্মাণাধীন ট্রাকে (মডেল টাটা ১২১২) আগুন দেওয়া হয়।
এজাহারে নাম উল্লেখ করা ৬ আসামি হলেন বনানী থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন (২২), খিলগাঁও থানা যুবলীগের সদস্য আসলাম শেখ (৪৬), খিলগাঁও থানা ছাত্রলীগের সদস্য মিল্টন শেখ (২৬), বনানী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ তাইজীর ইসলাম (৩৩), বনানী থানা ছাত্রলীগের সদস্য সুমন মুন্সী (২৩) ও খিলগাঁও থানা ছাত্রলীগের সদস্য ইকবাল মিয়া (২৫)। এ ছাড়া অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। এজাহার অনুযায়ী, আসামিরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করে ট্রাকে আগুন দেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, খবর পেয়ে পুলিশ রাত ৩টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান। এজাহারে ট্রাকটির চেসিস নম্বর ২৬৩৮০০১টি৫এফ/৭০২৬৭১ ও ইঞ্জিন নম্বর ৪৯৭টিসি৪৪জেটিএক্সবি১৮৭৪৫ উল্লেখ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা রুজুর আবেদন জানানো হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।









