শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যে সৃষ্ট অস্থিরতার জেরে উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ায় চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্য উৎপাদন কেন্দ্রগুলোতে সরিয়ে নিয়েছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো। গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নিয়েছে, যার বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে।

শিল্পনেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্পব্যয়ে উৎপাদনের সেই সুবিধাকে দুর্বল করে দিয়েছে, যার ওপর ভর করে দেশটি চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হয়ে উঠেছিল। তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যমতে, সাম্প্রতিক বিক্ষোভে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল। ক্রয়াদেশ সরে যাওয়ার এই ঘটনায় ভারত সবচেয়ে বেশি লাভবান হয়েছে; তবে সরবরাহ চেইনের ঝুঁকি কমাতে এবং সময়মতো পণ্য ডেলিভারি নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।

গত বুধবার সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর এই চাপ আরও তীব্র হয়েছে। যদিও গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার। ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ বাঁধে। আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে কারখানা মালিকেরা জানান, চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তাদের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে আর এর সিংহভাগই পেয়েছে ভারত। এ বিষয়ে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স; আর এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পরপরই ভারতের বস্ত্র খাতের শেয়ারের দাম হু হু করে বাড়তে শুরু করে দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের শেয়ার প্রায় ৫ শতাংশ বেড়েছে। বিজিএমইএ পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। তাঁর তথ্যমতে, বাংলাদেশের চেয়ে ভারত প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন আগে পণ্য ডেলিভারি দিতে পারে; প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেখানে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও ডেলিভারি সম্পন্ন করতে পারে, সেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন। কারখানা মালিকদের বড় দুশ্চিন্তা একবার যে ক্রয়াদেশ সরে গেছে, ক্রেতারা নতুন উৎস মূল্যায়ন করতে শুরু করলে ভবিষ্যতের ব্যবসাও হাতছাড়া হয়ে যেতে পারে; অস্থিরতার সুযোগে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর ফিরে নাও আসতে পারে।

চলমান অস্থিরতায় ঢাকা ও এর আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়ে বড় ধরনের জট তৈরি হয়েছে; নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে অনেক কারখানা এখন ওভারটাইম এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে। ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, গত ১ নভেম্বর থেকে তাঁর বেশিরভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। এর পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনাও ভবিষ্যতে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে শিল্পনেতারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফেরানো এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি।