জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ।
শুক্রবার (২৭ নভেম্বর) ক্লাবটির নতুন এই কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নতুন দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম জুবায়ের বলেন, “ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় একটি দায়িত্ববোধের জায়গা। সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য থাকবে, বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের আগ্রহী শিক্ষার্থীরা যেন এখানে এসে শেখার, কাজ করার এবং নিজেদের প্রতিভা প্রকাশের একটি উন্মুক্ত পরিবেশ পায়। ক্লাবের সম্মানিত উপদেষ্টামণ্ডলী, সাবেক নেতৃবৃন্দসহ নতুন কমিটির সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।”
নবনিযুক্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ শ্রাবণ বলেন, “আমি মূলত ফটোগ্রাফি জগতের মানুষ, ক্যামেরার ফ্রেমে গল্প বলতে ভালোবাসি। নিজের ক্যাম্পাসের জন্য ফটোগ্রাফি নিয়ে কিছু করার সুযোগ পাওয়া আমার কাছে অনেক আনন্দের ও ভালো লাগার বিষয়। ফটোগ্রাফিকে যেমন আমি মন থেকে ধারণ করি, ঠিক তেমনি মন থেকেই এই ক্লাবের দায়িত্ব পালন করতে চাই। আমাদের লক্ষ্য, নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া, যেন সারাদেশ আমাদের ক্লাবের নাম চেনে ও কাজের প্রশংসা করে। সামনে অনেক পরিকল্পনা রয়েছে; সবার সহযোগিতা ও আল্লাহর রহমতে আমরা ভালো কিছু করতে পারব বলে আশাবাদী।”
সাত সদস্যবিশিষ্ট নতুন এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মৃদুল হাসান। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অরণ্য মন্ডল, উম্মে সালমা সিনথিয়া, সানজিদা ইসলাম শ্রাবণ ও শাকিব বাবু।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম জুবায়ের ফটোগ্রাফির বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে পাঁচটি জাতীয় পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ শ্রাবণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৩টি পুরস্কার পেয়েছেন।









