দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধের অংশ হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চেকপোস্ট বসিয়েছে তেঘরিয়া ইউনিয়ন বিএনপি। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আবদুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় এ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদ আলম জমিদার ও বর্তমান আহ্বায়ক সামিউল্লাহর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা এ কার্যক্রমে অংশ নেন। এ সময় সন্দেহভাজন বিভিন্ন মোটরসাইকেল আরোহীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এর আগে গত ২৬ নভেম্বর ঢাকা-২ আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী দলের নেতাকর্মীদের প্রতিটি মোটরসাইকেল থামিয়ে যাচাই করার নির্দেশ দেন বলে জানা গেছে। গোয়েন্দা তথ্যের বরাতে তিনি বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে চলাচল করে আগুন দিচ্ছে ও নৈরাজ্য সৃষ্টি করছে; তাই সন্দেহভাজন আরোহীদের ভদ্রভাবে থামিয়ে যাচাই করতে হবে, প্রয়োজনে ডিবি পুলিশ ও থানার ওসির সহায়তা নেওয়া যাবে।

উল্লেখ্য, কেরানীগঞ্জে গত কয়েকদিন ধরে নাশকতার ঘটনা ঘটছে বুধবার নয়াবাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১৬টি ককটেল উদ্ধার করে পুলিশ; এ ঘটনায় আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে এটা পুলিশের চেকপোস্ট নয় দলীয় কর্মীদের উদ্যোগ; রাস্তায় মোটরসাইকেল থামিয়ে তল্লাশির বিষয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, যানবাহন তল্লাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাজ বলে মন্তব্য করেছেন অনেকে।