দুই হাতে প্রতিবন্ধকতা, স্বাভাবিকভাবে অনেক কাজ করাই তাঁর জন্য কঠিন। তবু জীবনের প্রতিকূলতার কাছে হার মানেননি জোহরা খাতুন (৫৪)। প্রায় ২৫ বছর ধরে স্বামী রশিদের সঙ্গে চায়ের দোকানে কাজ করে সংসারের হাল ধরে রেখেছেন তিনি। যশোরের শার্শা উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলেজ পাড়ায় জোহরা খাতুন ও স্বামী রশিদের দাম্পত্যজীবন প্রায় ৪০ বছরের। জন্ম থেকে প্রতিবন্ধকতা দীর্ঘ এই পথচলায় অভাব-অনটন এসেছে, নানা প্রতিকূলতাও পেরোতে হয়েছে। কিন্তু একে অপরের পাশে থেকে দুজনই সামলেছেন সংসার। জোহরার শারীরিক প্রতিবন্ধকতা তাঁদের পথ থামাতে পারেনি; বরং স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেই জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

প্রতিদিন ফজরের নামাজের পর ঘুম থেকে ওঠেন জোহরা। এরপর চলে যান স্বামীর চায়ের দোকানে। সেখানে চা তৈরি, ক্রেতাদের চা দেওয়া এবং দোকানের বিভিন্ন কাজে স্বামীকে সহযোগিতা করেন। বেলা ১২টার দিকে বাড়ি ফিরে রান্নাসহ ঘরের কাজ করেন। স্বামীর জন্য খাবার তৈরি করে আবারও চলে আসেন দোকানে। দুপুরের পর থেকে রাত ১১টা পর্যন্ত স্বামীর সঙ্গে দোকানে কাজ করেন তিনি।

দীর্ঘ দাম্পত্য জীবনে শারীরিক প্রতিবন্ধকতা তাঁদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। স্বামী রশিদও দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে আসছেন। সংসারের প্রয়োজনে স্ত্রীকে সঙ্গে নিয়েই কাজ করেন তিনি। দুজনের আয় দিয়েই চলে তাঁদের সংসার। প্রায় ২৫ বছর ধরে চায়ের দোকানে কাজ করার পাশাপাশি প্রায় ৪০ বছরের সংসারও ধরে রেখেছেন জোহরা ও স্বামী রশিদ। শারীরিক প্রতিবন্ধকতা তাঁদের জীবনকে কঠিন করেছে, কিন্তু সংসারের দায়িত্ব থেকে পিছিয়ে দেয়নি। অসচ্ছল মানুষের পাশে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের।

উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা বলেন, বাগআঁচড়া ইউনিয়নে জোহরা খাতুন (৫৪) নামে ব্যক্তি প্রতিবন্ধি সনাক্ত করি, সমাজ সেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধি ভাতা প্রদান করা হচ্ছে।