রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) রাজনৈতিক পরিচয় ও বিশেষ সুপারিশের ভিত্তিতে পদবি পরিবর্তন এবং সুবিধাজনক পদে পদায়নের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন আক্তার মুক্তি।
মুক্তি ইডিসিএলে ভান্ডার সাহায্যকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, গত সোমবার (২৩ নভেম্বর) তাঁর পদবি পরিবর্তন করে ‘প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লার্ক’ পদে পদায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে এমডি দফতরের প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইস সুপারিশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভান্ডার সাহায্যকারী থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লার্ক পদে পদায়নের ক্ষেত্রে তাঁর শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের প্রচলিত নিয়োগবিধি ও পদোন্নতির নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সূত্র ও সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, মুক্তির ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সভা-সমাবেশে তাঁর সক্রিয় অংশগ্রহণের ছবি ও পোস্ট রয়েছে। তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়টি সামনে আসার পর নিয়মিত পদোন্নতি বা পদায়নের প্রক্রিয়া অনুসরণ না করে বিশেষ বিবেচনায় তাঁকে সুবিধাজনক পদে পদায়ন করা হয়েছে কি না, তা নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে আলোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পদবি পরিবর্তন ও পদায়নের প্রক্রিয়া যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহজাবিন আক্তার মুক্তি বলেন, ‘আমি রাজনীতি করলেও আমার পদায়ন সঠিক নিয়মেই হয়েছে।’ পদায়নে ভূমিকা রাখা এমডি দফতরের প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে মুক্তির স্বামী গাজী সাফায়েতের নাম টুঙ্গিপাড়া থানা পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আসামি হিসেবে এসেছে; গত ১৭ নভেম্বর তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত এক লাইভ ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘টুঙ্গিপাড়া থানা এখন আমাদের দখলে’।









