শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে খুলনা নগরীর লবণচরা থানা এলাকার হঠাৎ বাজারে একটি তুষকাঠ মিল ও একটি চানাচুর কারখানায় একযোগে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় ও ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী বাহিনী; চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠান দুটিতে গুলি চালানো হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান হঠাৎ বাজারের একটি তুষকাঠ মিলের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিল লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ওই সময় ভোর হওয়ায় এবং শ্রমিকরা ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি।

একইভাবে হঠাৎ বাজারের পাশের চানাচুর কারখানার মালিক শামসুর রহমানের কাছেও দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল ওই সন্ত্রাসী বাহিনী। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরপর দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে; অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তদন্তপূর্বক জড়িতদের আইনের আওতায় আনা হবে। তবে ঠিক কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং ভয়ে কেউ মুখ খুলছেন না বলে জানান ওসি। এর আগে গত ২৪ নভেম্বরও খুলনায় একই ধরনের গুলির ঘটনা ঘটেছিল সেদিন সোনাডাঙ্গার পালংকি রেস্তোরাঁসহ তিনটি স্থানে গুলি চালানো হয়; তবে এসব ঘটনায় একই চক্র জড়িত কি না, তা নিশ্চিত নয়।