ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের মধ্যে পাকিস্তানি বিনোদনজগতের জনপ্রিয়তা কমেনি। ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), প্রক্সি সার্ভার ও গোপন প্রদর্শনীর মাধ্যমে নিয়মিত পাকিস্তানি নাটক দেখছেন অনেক ভারতীয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকের প্রতি তাঁদের এই আগ্রহ নতুন করে আলোচনায় এসেছে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-ই-নাজাত’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান। সর্বোচ্চ ৪৫ জন দর্শকের উপস্থিতির ব্যবস্থা রাখা হলেও এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনের বেশি।
ভারতে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি নাটক ও গান নিষিদ্ধ। এরপরও প্রতি সপ্তাহে ইনস্টাগ্রামে নাটকটির বিভিন্ন দৃশ্য বিনিময়, পর্ব নিয়ে আলোচনা এবং প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভারতীয় দর্শকরা।
শুধু অনলাইনেই নয়, ভারতের বিভিন্ন শহরে গোপনে দলবদ্ধভাবে নাটক দেখার আয়োজনও করা হচ্ছে। ‘দার-ই-নাজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ এতটাই বেড়েছে যে, এসব আয়োজন বন্ধে তৎপর হতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বেঙ্গালুরুতে চলতি সপ্তাহান্তে দুটি প্রদর্শনীর আয়োজন করা হলেও কর্তৃপক্ষ প্রচারপত্র দেখতে পাওয়ার পর সেগুলো বাতিল করে দেয়।
নাটকটির ভক্তদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে একটি উর্দু বাক্য—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। অর্থাৎ, ধৈর্যের পুরস্কার নয়, তাঁদের চাই আবু বকর। নাটকটির কাল্পনিক পুরুষ চরিত্রটির প্রতি ভারতীয় দর্শকদের ভালোবাসা বোঝাতেই এমন বাক্য ব্যবহার করছেন তাঁরা।
বেঙ্গালুরুর দর্শক রক্ষন্দা মুজিব বলেন, ‘আমরা সবাই একজন আবু বকরের অপেক্ষায় আছি। তার সহানুভূতিশীল আচরণ আমাকে মুগ্ধ করেছে। বর্তমান সময়ে অধিকাংশ পুরুষের মধ্যে এমন গুণের অভাব রয়েছে।’
তবে ‘দার-ই-নাজাত’ ঘিরে এই উন্মাদনা পাকিস্তানি বিনোদনজগতের প্রতি ভারতীয়দের দীর্ঘদিনের আগ্রহেরই সর্বশেষ উদাহরণ।
কেন নিষিদ্ধ পাকিস্তানি নাটক
ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ এবং দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা থাকলেও কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান চালু ছিল। তবে গত এক দশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ সীমিত হতে থাকে। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ ও অনুষ্ঠান করার ক্ষেত্রে অলিখিত নিষেধাজ্ঞাও জোরালো হয়।
২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে। এরপর দুই দেশের মধ্যে চার দিনের তীব্র সংঘাতের পর যুদ্ধবিরতি হয়।
এরপর থেকে ইউটিউবসহ বিভিন্ন প্রচারমাধ্যমে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক নিষিদ্ধ করে ভারত। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি সপ্তাহেও নেটফ্লিক্সকে ভারতে প্রদর্শনের জন্য পাকিস্তানের প্রথম কোনো অনুষ্ঠান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটি।
তবে চীনে ২০১৬ সালে কোরীয় জনপ্রিয় সংস্কৃতির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরও ভারতের ক্ষেত্রে একই ধরনের উদ্যোগ পুরোপুরি কার্যকর হচ্ছে না।
এর কারণ হিসেবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা বলছেন সংশ্লিষ্টরা। চীন নিজ দেশের নাগরিকদের ব্যবহৃত প্রচারমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারলেও ভারত ইউটিউবের মতো বৈশ্বিক মাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না।
ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় সরকার অনলাইনে নির্দিষ্ট বিষয়বস্তু বন্ধের নির্দেশ দিতে পারে। সেই নির্দেশের পর ইউটিউব ভারতে পাকিস্তানি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করেছে। কিন্তু ভিপিএন ব্যবহার করে নিজের অবস্থান অন্য দেশে দেখিয়ে এসব নাটক দেখা সম্ভব। পরে সেগুলো ডাউনলোড করে ভারতের কোনো অ্যাকাউন্ট থেকে আবার প্রচারও করা যায়।
প্রযুক্তি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে অনলাইন প্রচারমাধ্যমগুলোকে পাকিস্তানি বিষয়বস্তু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়ে যায়।
পাকিস্তানি নাটকের জনপ্রিয়তার কারণ
নিষেধাজ্ঞা এড়িয়ে পাকিস্তানি নাটক দেখার এই প্রবণতা দেশটির বিনোদনশিল্পের জন্যও লাভজনক হয়ে উঠেছে। ‘দার-ই-নাজাত’ নির্মাতা প্রতিষ্ঠান এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজারের দাবি, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়।
তিনি বলেন, ‘বর্তমান সময়ে কোনো বিষয়বস্তু দেখার সুযোগ কঠিন করা যায়, কিন্তু পুরোপুরি বন্ধ করা যায় না।’
এর আগে ২০২২ সালের পাকিস্তানি নাটক ‘তেরে বিন’ এবং ২০২৪ সালের ‘কাভি ম্যায় কাভি তুম’ ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পাকিস্তানি পরিচালক মেহরিন জব্বারও জানিয়েছেন, ‘ডক্টর বাহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’-এর মতো তাঁর নির্মিত ধারাবাহিক নিয়ে ভারতের দর্শকরা নিয়মিত যোগাযোগ করেন।
বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের ভাষা, সংস্কৃতি ও সামাজিক জীবনের মধ্যে অনেক মিল থাকায় পাকিস্তানি নাটকের গল্প ভারতীয় দর্শকদের কাছে সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে। পাশাপাশি পাকিস্তানের বিনোদনশিল্পের নির্মাণমানও আগের তুলনায় উন্নত হয়েছে।
জেরজিস সেজারের ভাষায়, পাকিস্তানি নাটকের বিষয়বস্তু এখন অনেক বেশি বাস্তবধর্মী, চিন্তাশীল ও দর্শকের জীবনের সঙ্গে সম্পর্কিত।
এ ছাড়া পাকিস্তানি নাটকে মুসলিম চরিত্রের উপস্থাপনাও ভারতীয় দর্শকদের আকৃষ্ট করছে। আবু সুফিয়ান খানের মতে, ভারতের অনেক সিনেমা ও নাটকে মুসলিম চরিত্রকে গতানুগতিকভাবে তুলে ধরা হয়। বিপরীতে ‘দার-ই-নাজাত’-এ ইসলামকে ভয় বা নেতিবাচকতার সঙ্গে যুক্ত না করে সহজ, অন্তর্ভুক্তিমূলক ও মানবিকভাবে উপস্থাপন করা হয়েছে।
সাংস্কৃতিক যোগাযোগে কমছে দূরত্ব
ভারতের নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয়দের মধ্যে পাকিস্তানি টেলিভিশন অনুষ্ঠান, গান ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিত্বদের অনুসরণের প্রবণতা বেড়েছে। এর ফলে দুই দেশের মানুষের মধ্যে প্রচলিত ভুল ধারণা ও নেতিবাচক মনোভাব কিছুটা কমছে।
তিনি বলেন, আগে সীমান্তের ওপারে থাকা মানুষদের জীবন সম্পর্কে দুই দেশের নাগরিকদের খুব বেশি ধারণা ছিল না। এখন প্রযুক্তির কারণে একে অপরের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে।
পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমিরও ভারতে বেশ জনপ্রিয়। তাঁর ‘পাবলো’ শিরোনামের একটি সাম্প্রতিক গানে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত অংশ নিয়েছেন।
পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, এ ধরনের নিষেধাজ্ঞা সাধারণত দীর্ঘস্থায়ী ফল দেয় না। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সীমান্ত ও নিষেধাজ্ঞার কার্যকারিতাও কমে যাচ্ছে।
তিনি বলেন, পাকিস্তানেও কয়েক দশক ধরে ভারতীয় সিনেমা নিষিদ্ধ ছিল। কিন্তু চোরাই ক্যাসেটের মাধ্যমে বলিউডের সিনেমা সেখানে জনপ্রিয়তা ধরে রেখেছিল।
বিসারিয়ার ভাষায়, ভারত ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ সব সময়ই বড় ধরনের সংযোগের ভূমিকা পালন করেছে। দুই দেশের সরকার তা চাইলেও, না চাইলেও এই সম্পর্ক টিকে থেকেছে।









