
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের শুরু থেকেই আধিপত্য ছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের । তবে চলতি মৌসুমে পয়েন্ট তালিকার একেবারে তলায় আছে এই দুই দল। প্রথম চার ম্যাচের একটিতেও জিততে ব্যর্থ তারা।
২০০৮ থেকে এখন পর্যন্ত ১৪ বার আইপিএল অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫ বার শিরোপা জিতেছে আম্বানিদের মুম্বাই আর ৪ বার জিতেছে চেন্নাই । বলা যায় আইপিএলের দুই পাওয়ার হাউস এই দুই দল । কিন্তু চলতি মৌসুমে মনে হচ্ছে তাদের পাওয়ার ফিউজ হয়ে গেছে।
২০২২ সালের আইপিএল শুরু হয় কলকাতা ও চেন্নাইয়ের ম্যাচ দিয়ে। গত মৌসুমের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের আইপিএল যাত্রা শুরু হয় শোচনীয় হার দিয়ে। ধোনির জাদু না থাকলে হয়ত আরও শোচনীয় ভাবে হারত চেন্নাই । আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ এর বিপক্ষে ২১০ রানের পাহাড় করলেও জয়ের স্বাদ পায়নি চেন্নাই । এর পরের দুই খেলা হতাশ করেছে দর্শকদের ।
অপরদিকে সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল মুম্বাইয়ের যাত্রাও শুরু হয়েছে হার দিয়ে। দিল্লি কেপিটালসের দুর্দান্ত দলীয় ব্যাটিংয়ের সামনে পরাজিত হয় মুম্বাই । দিল্লির বিপক্ষের ম্যাচটি এখন পর্যন্ত মুম্বাইয়ের খেলা সেরা ম্যাচ। কারণ বাকি ৩ ম্যাচে কখনও ব্যাটিং বা কখনও বোলিং বিপর্যয়ে পরে ম্যাচ হারতে হয়েছে মুম্বাইকে।
দুই দলের পরবর্তী ম্যাচ তাদের পছন্দের প্রতিপক্ষের সাথে । ১২ এপ্রিল চেন্নাই খেলবে ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে। আইপিএলে চেন্নাইয়ের জয়ের রেকর্ড তাদের সাথেই বেশি। আর ১৩ এপ্রিল মুম্বাই মুখোমুখি হবে পাঞ্জাবের সাথে। দেখার বিষয় এই যে পছন্দের প্রতিপক্ষদের সাথে তারা জয়ের স্বাদ পায় কিনা।



