

বান্দরবানের সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তা দিয়েছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি বান্দরবানের রেইছা, টংকাবতী ও সদর এলাকার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা এএসআইএক্স (ASIX)-এর সহযোগিতায় সহায়তা পাওয়ার জন্য পরিবারগুলো নির্বাচন করা হয়।
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসের কারণে এসব এলাকার অনেক পরিবার তাদের বসতবাড়ি হারিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য হয়েছে। ফলে তাদের দৈনন্দিন খাদ্য সংকট প্রকট আকার ধারণ করে। এই পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেয় স্বপ্ন, যাতে সংকটময় সময়ে তারা প্রয়োজনীয় সহায়তা পেতে পারে।
এ বিষয়ে স্বপ্নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। স্বপ্ন বিশ্বাস করে, এমন কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্তব্য। আমাদের এই সামান্য উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে সহায়ক হবে বলে আমরা আশা করি।”
স্বপ্ন জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে সময়োপযোগী মানবিক উদ্যোগ গ্রহণে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে তারা।




