

টানা কয়েক দফা বাড়ার পর এবার দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।নতুন নির্দেশনা অনুযায়ী ভরি প্রতি সর্বোচ্চ ২ হাজার ২৭৫ টাকা কমেছে। যেটি কার্যকর হয়েছে ১৮ই আগস্ট থেকে। স্থানীয় বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ৮২ হাজার ৫৬ টাকায়, যা এতদিন ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা। এটিই ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সোনার দামের রেকর্ড।একই ভাবে কমেছে অন্যান্য ক্যাটাগরির স্বর্নালংকারের দামও। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ন এখন বিক্রি হচ্ছে ৭৮ হাজার ৩২৪ টাকায়।গত ১৭ ই আগস্ট পর্যন্ত এর দাম ছিল ৮০ হাজার ৪৮২ টাকা। সে হিসেবে প্রতি ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা।১৮ ক্যারেটের প্রতি ভরিতে কমেছে ১ হাজার ৮৬৭ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৬৭ হাজার ১২৬ টাকায়। কমানোর আগের দিন পর্যন্ত এই ক্যাটাগরির স্বর্নের মূল্য ছিল ৬৮ হাজার ৯৯৩ টাকা।সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ৬৯২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ২৮৭ টাকা। আগে যা ৫৬ হাজার ৯৭৯ টাকায় বিক্রি হয়েছে।গত বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।দাম কমানোর পাশাপাশি অলঙ্কার কেনার ক্ষেত্রে ন্যূনতম মজুরিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। অলংকার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা মজুরি নিতে হবে। সে হিসেবে এক ভরি স্বর্ণের অলঙ্কারের মজুরি পড়বে সাড়ে ৩ হাজার টাকা। এতে মজুরিসহ সবচেয়ে ভালো মানের এক ভরি স্বর্নালঙ্কার কিনতে ক্রেতাদের কমপক্ষে ৮৫ হাজার ৪৯৭ টাকা খরচ করতে হবে।তবে স্বর্নের দাম বাড়লেও মূল্যবান আরেক ধাতু রুপার দাম পূর্বের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ২২৫ এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।এর আগে গত ৬ই আগস্ট সোনার দাম পুনর্নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলারি সমিতি। যার মাধ্যমে রেকর্ড ছুয়েছিল দেশের বাজারে স্বর্নের দাম।এরমাত্র চারদিন আগেও মূল্যবান এই ধাতুর দাম বাড়িয়েছিল বাজুস। সেই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৮২ হাজার ৩৪৮ টাকা।তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছিল ১ হাজার ৪৯ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৪১৮ টাকা করে হয়েছিল।একইভাবে বেড়েছিল সনাতন পদ্ধতির সোনার দামও। এই ক্যাটাগরির প্রতি ভরির দাম ৫২৫ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ৬৯৬ টাকা করা হয়েছিল।



