নিট মুনাফা না হলেও বোনাস পাবেন ব্যাংকাররা, নীতিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নিট মুনাফা না হলেও পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) থাকলেই ব্যাংকগুলো তাদের কর্মকর্তাদের উৎসাহ বোনাস দিতে পারবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, এমনকি কোনো ব্যাংকের মূলধন ঘাটতি থাকলেও নির্দিষ্ট শর্তে বোনাস দেওয়া যাবে। তবে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের মূলধন আগের বছরের তুলনায় কম হওয়া যাবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে অনুমোদন দিতে পারবে।
বাংলাদেশ ব্যাংকএক নির্দেশনায় জানায়, নিট মুনাফা অর্জন না করলে কোনো ব্যাংকই কর্মীদের বোনাস দিতে পারবে না। পাশাপাশি যেসব ব্যাংকের মূলধন ও প্রভিশন ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রেও বোনাস প্রদানে নিষেধাজ্ঞা ছিল।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশবাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসপৃথকভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায়।
সংগঠনগুলোর নেতারা জানান, আর্থিক সংকটের কারণে অনেক ব্যাংক দক্ষ কর্মী ধরে রাখতে পারছে না। পর্যাপ্ত সুবিধা না থাকায় কর্মীরা অন্যত্র চলে যাচ্ছেন, আবার নতুন দক্ষ জনবলও নিয়োগ দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ প্রেক্ষাপটেই নীতিমালা শিথিলের দাবি তোলা হয়।
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বছরে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত উৎসাহ বোনাস পেতে পারেন। অন্য কর্মকর্তারাও এর বেশি বোনাস পাবেন না। অতীতে দেশের ব্যাংক খাতে মূল বেতনের সমপরিমাণ একাধিক বোনাস দেওয়ার নজির থাকলেও বর্তমানে নীতিমালার কারণে তা সীমিত হয়েছে।
এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্ত ব্যাংক খাতে কর্মীদের মনোবল বাড়াতে সহায়ক হবে এবং চলমান সংকট কাটিয়ে উঠতে কিছুটা ইতিবাচক প্রভাব ফেলবে।



