শেরপুর প্রতিনিধি : ​মো. রাজন মিয়া,


​শেরপুরে অপহরণের পর ধর্ষণ মামলার প্রধান আসামি এবং চুরি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪, সিপিসি-১, জামালপুর।


গত রোববার (২৫ অক্টোবর) রাতে শেরপুরের ঝিনাইগাতী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শরীফ হাসান (২৭) এবং চুরি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রফিকুল ইসলাম (৪৫)। শরীফ হাসান শেরপুর জেলার বাসিন্দা এবং রফিকুল ইসলাম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাওরাপাড়া কাপাসিয়া এলাকার বাসিন্দা।


​এসআরবি-১৪- সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেল আনুমানিক চারটার দিকে শেরপুরের নালিতাবাড়ী এলাকায় এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ওঠে শরীফ হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই শরীফ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।


​পরবর্তীতে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল তাঁর অবস্থান নিশ্চিত করে। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে শেরপুরের ঝিনাইগাতী থানা এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


​অন্যদিকে, চুরি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে ধরতে একই দিন রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাজার রোড এলাকায় অভিযান চালানো হয়। এসআরবি-১৪-এর অপর একটি আভিযানিক দল এসআরবি-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার সহায়তায় রাত ৯টা ৫০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করে।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রফিকুল ইসলাম ভালুকা থানার একটি চুরি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।


​গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৪।