গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় নবম ও দশমসহ অষ্টম থেকে দশম শ্রেণির মোট ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থী ওই স্লোগান দেয়। এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা তৈরি হয়।

ঘটনার পরদিন সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করে। গত বুধবার (৪ নভেম্বর) প্রতিবেদনটি প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়।

তদন্ত কমিটির প্রধান মো. ইকবাল হোসেন জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক মো. জিয়া বলেন, ঘটনার সময় তিনি নামাজে ছিলেন। পরে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন পেয়ে বিষয়টি জানতে পারেন এবং অন্য শিক্ষকদের কাছ থেকে ঘটনার বিষয়ে নিশ্চিত হন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।