
‘দ্য কাশ্মীর ফাইল’ নামের একটি ভারতীয় চলচ্চিত্রকে নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর। ছবিটিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর থেকে হিন্দুদের নির্বাসনের বিষয় তুলে ধরা হয়েছিল।
সিঙ্গাপুর সরকারের মতে চলচ্চিত্রটি দেখে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মুক্তি পাওয়ার পর থেকেই এই সিনেমাটি নিয়ে চলছিল বিতর্ক।
যদিও ‘দ্য কাশ্মীর ফাইল’ ছবিটির প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী অনুসারীরা। মুভিটি বক্স অফিসেও হিট হয়েছে। অনেক সমালোচকরা বলেছেন, যে গল্পের ভিত্তি পুরোপুরি সত্য নয় এবং এতে মুসলিম বিরোধী মনোভাবের প্রকাশ পেয়েছে।
সিঙ্গাপুর সরকার গণমাধ্যমের এক বিবৃতিতে বলেছেন, ‘মুসলমানদের উস্কানিমূলক, একতরফা চিত্রায়ন এবং কাশ্মীরে চলমান সংঘাতে হিন্দুদের নির্যাতিত হওয়ার চিত্রের জন্য চলচ্চিত্রটির প্রকাশ প্রত্যাখ্যান করা হবে। ছবিটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করার পাশাপাশি সিঙ্গাপুরের বহু-জাতিগত এবং বহু-ধর্মীয় সমাজে সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতিকে ব্যাহত করতে পারে।’



