

সব রেকর্ড পালটে দেয়া অ্যাভাটার সিনেমা আবারো মুক্তি পেতে যাচ্ছে বিশ্বব্যাপী। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নতুন করে প্রদর্শন করা হবে এটি। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স সহ বিশ্বের নির্বাচিত সব সিনেমা হলে নতুন করে দেখা যাবে সর্বকালের অন্যতম সফল এই সিনেমা। অ্যাভাটারের পুনরায় মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর। এদিন থেকে গড়ে দুই সপ্তাহ সময় আবারো পর্দায় রাজত্ব করবে এই সিনেমা। তবে এবারের মুক্তিতে ভিন্ন মাত্রায় সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের প্রদর্শনে ‘অ্যাভাটার’ দেখানো হবে ফোরকে হাই ডায়নামিক রেঞ্জ- ফরম্যাটে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে অ্যাভাটার।দেশের সর্বাধুনিক সিনেমাহল- স্টার সিনেপ্লেক্স এর ওয়েবসাইট থেকে জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে অ্যাভাটার সিনেমা আবারো প্রদর্শন করবে তারা। এ সময়ে নির্ধারিত সূচি অনুযায়ী পান্থপথের বসুন্ধরা সিটিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্স এর শাখায় দেখা যাবে সিনেমাটি। একটি কাল্পনিক কাহিনি নিয়ে তৈরি ‘অ্যাভাটার’ সিনেমা পৃথিবীর ইতিহাসের অন্যতম ব্যবসা সফল মুভি। ২০০৯ সালে মুক্তি পাওয়া এ মুভিতে বলা হয়েছে জ্যাক সুলি নামের একটি পরিবারের গল্প।হলিউডের অন্যতম সেরা এই সিনেমা নয়টি ক্যাটাগরিতে একাডেমি এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলো। এছাড়া মুক্তির বছরে এটি অর্জন করে তিন তিনটি অস্কার প্রাইজ। যার মধ্যে রয়েছে বেস্ট সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইন এবং সেরা ভিজুয়াল এফেক্টের পুরস্কার। কল্পকাহিনী ভিত্তিক এই সিনেমা পরিচালনা করেছেন টাইটানিক মুভির ডিরেক্টর জেমস ক্যামেরন। ২০০৯ সালে বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। এর এক বছরের মধ্যে এটি অতিক্রম করে টাইটানিক সিনেমার রেকর্ড। বক্স অফিসের সব হিসাব নিকাশ পালটে দিয়ে মাত্র এক বছরেই অর্জন করে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা সিনেমার খেতাব। তবে ২০১৯ সালে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় প্রথমে চলে আসে আরেকটি হলিউড মুভি এভেঞ্জার এর সিকুয়েল এন্ডগেম। যেটির আয় ছিলো ২ দশমিক ৭৯৭ বিলিয়ন মার্কিন ডলার। যদিও রেকর্ডটি বেশিদিন ধরে রাখতে পারেনি এভেঞ্জার সিনেমা। গত বছর চীনের থিয়েটারে মুক্তি দেয়ার মাধ্যমে আবারো সবচেয়ে বেশি আয়ের রেকর্ড নিজের দখলে নিয়েছে অ্যাভাটার। ২০২১ সালের তথ্য অনুযায়ী সর্বকালের সেরা ব্যবসাসফল এই সিনেমার বৈশ্বিক আয়ের পরিমান ২ দশমিক ৮০২ বিলিয়ন ডলার। এ মাসে আবারো দুই সপ্তাহের জন্য সিনেমা হলে মুক্তি পাচ্ছে অ্যাভাটার। স্বাভাবিক ভাবেই এর মাধ্যমে আরো বৃদ্ধি পাবে আয়ের অঙ্ক। এমনকি বিশ্বের প্রথম তিন বিলিয়ন ডলার আয়ের রেকর্ড হবারও সম্ভাবনা রয়েছে। অপরদিকে আলোচিত এই সিনেমার পুনঃ মুক্তির মাত্র আড়াই মাস পরেই মুক্তি পাবে এটির সিকুয়েল। দ্যা ওয়ে অব ওয়াটার নামের নতুন পর্ব আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম পর্বের মতো অ্যাভাটার দ্বিতীয় পর্বেও জ্যাক সুলি এবং নাভি নেইতিরির ভূমিকায় অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন এবং জো সালদানা। এছাড়া বাড়তি আকর্ষন হিসাবে এবারের পর্বে যুক্ত হয়েছেন টাইটানিক তারকা কেট উইন্সলেট। মুভিটির পরিচালক জেমস ক্যামেরন জানিয়েছেন, অ্যাভাটার এর নতুন পর্ব দর্শকদের জন্য হবে বিশেষ কিছু। এছাড়া আলোচিত এই সিনেমার আরো তিনটি সিকুয়েল নির্মিত হচ্ছে। যা একে একে মুক্তি পাবে আগামী ২০২৪, ২০২৬ এবং ২০২৮ সালের মধ্যেই।



