

সকল রহস্যের সমাপ্তি ঘটিয়ে, অবশেষে জানা গেল অভিনেত্রী ও পরিচালক দম্পতি নয়নতারা ও ভিগনেশ শিবানের বিয়ের ৪ মাসের মাথায় সন্তানের বাবা- মা হবার আসল কাহিনি।গত ৯ অক্টোবর যমজ সন্তানের মা-বাবা হওয়ার খবর দেন দক্ষিনি তারকা নয়নতারা ও ভিগনেশ শিবান। দুই সন্তানের ছোট্ট পায়ে চুমু খাওয়ার একটা ছবি শেয়ার করে টুইট বার্তায় যমজ সন্তান হওয়ার সুখবর দেন তারা।এর আগে দীর্ঘ সাত বছর প্রেম করার পর গত ৯ জুন ভারতের মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসোর্টে বিয়ে করেন এই জুটি।সে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অনেক তারকারা।বিয়ের তারিখ ও সন্তান জন্মদানের তারিখের সময় বিবেচনা করলে এই দম্পতি বিয়ের চার মাসের মধ্যেই বাবা-মা হয়েছেন। সে হিসেবেই তাদের দেয়া সুখবরটি নানানভাবে প্রশ্ন বিদ্ধ হতে থাকে।কারণ তার কয়েক দিন আগেই ‘গডফাদার’ ছবির প্রচারে নয়নতারাকে দেখে অন্তঃসত্ত্বা মনে হয়নি, বেবিবাম্পও দেখা যায়নি। সে থেকে ধারণা করা হচ্ছিল, সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নবদম্পতি। বিয়ের কয়েক মাস পর সন্তান জন্ম দিয়েছিলেন অনেক তারকাই। কিন্তু বিপাকে পড়তে হচ্ছে এই দম্পতিকে। কারণ চলতি বছরের শুরুতে ভারতে সারোগেসি পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে এবং এ বিষয়ে দেশটির পার্লামেন্টে বিল পাস হয়েছে।যাতে বলা হয়েছে, যেসব দম্পতি শারীরিকভাবে সন্তান ধারণে অক্ষম, তাঁরাই কেবল এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন। এ ছাড়া ৩৫ থেকে ৪৫ বছরের যেসব নারী বিধবা ও বিচ্ছেদ হয়েছে, তারা এই পদ্ধতিতে মা হতে পারবেন।ভারতের সারোগেসি অ্যাক্ট ২০২১ এ আরও উল্লেখ আছে বিয়ের পর অন্তত ৫ বছর অতিবাহিত করলে তবেই কোনও দম্পতি সারোগেসির আবেদন করতে পারেন। যে নারী সন্তানের জন্ম দেবেন, তাঁকেও সেই দম্পতির নিকট আত্মীয় হতে হবে।তাই চার মাসের মাথায় নয়নতারা শিবানের সন্তান হওয়ার বিষয়টি নিয়ে তদন্তেরও নির্দেশ দেয় তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই তদন্তে থেকেই এবার জানা গেল, চার মাস নয়, ছয় বছর আগে বিয়ে করেছেন নয়নতারা। রেজিস্ট্রি বিয়ের সেই কাগজপত্র তদন্ত কমিটির কাছে জমা দিয়েছেন এই তারকা জুটি।ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নয়নতারা মা হয়েছেন সারোগেসি পদ্ধতির মাধ্যমে। তবে প্রশ্ন উঠেছিলো তারা সরোগেসি পদ্ধতির ভারতীয় আইনের সব নিয়ম মেনেছিলেন কিনা?নয়নতারা-ভিগনেশ জানান, তারা কোন আইন ভাঙেননি। ৬ বছর আগেই তাদের আইনি বিয়ে হয়েছিল। জানিয়েছেন তাদের সন্তানের সারোগেট মাদার তাদেরই ঘনিষ্ঠ আত্মীয়। যার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে।তাই কোনভাবেই দেশের সারোগেসি আইনের বিরুদ্ধে গিয়ে কোন কাজ করেননি বলে দাবি করেন এই দম্পতি। প্রমাণসহ রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছেন যে তারা সঠিক ভাবেই দুই যমজ পুত্র উইর ও উলাগাম এর বাবা-মা হয়েছেন।২০০৩ সালে ১৯ বছর বয়সে মালয়ালম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নয়নতারার। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের ১০০ সেলিব্রিটি তালিকায় একমাত্র দক্ষিণি অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি।ভারতের দক্ষিণি সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’ অভিনেত্রী নয়নতারা বর্তমানে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত আছেন।


