

প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা দীঘি। তবে কোনো নাটক বা সিনেমায় নয়। আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে একটি জনপ্রিয় ফ্যাশন হাউজের ফটোশ্যুটে জুটি বাঁধলেন এই দুই তারকা।
প্রতিবছরই পহেলা বৈশাখ উপলক্ষে নাটক, মিউজিক ভিডিও ও ফ্যাশন ভিডিও তৈরি করেন নির্মাতারা। বড় বড় ফ্যাশন হাউজগুলোও তাদের প্রোডাক্টের ফটোশ্যুট করান তারকাদের দিয়ে।
তেমনি একটি ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ এবার পহেলা বৈশাখের নিজেদের প্রোডাক্টের ফটোশ্যুট করিয়েছেন নিরব ও দীঘিকে দিয়ে। আর এই ফটোশুটে একসঙ্গে জুটি বাঁধতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা দুইজন।
এ বিষয়ে নায়ক নিরব বলেন,‘‘আমরা খুব আনন্দ নিয়ে ফটোশ্যুট করেছি। পুরো কাজটি করার অভিজ্ঞতা চমৎকার। আশাকরি সবার ভালো লাগবে।’’
নায়িকা দীঘি বলেন, “প্রথমবার নিরব ভাইয়ার সঙ্গে শ্যুট করলাম। কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা দাদার সঙ্গে খুব মজা করেই আমরা কাজটি করেছি।”



