

বাকের ভাইখ্যাত আসাদুজ্জামান নূরের অভিনয় দক্ষতা সম্পর্কে সবারই জানা। পর্দায় ছোট-বড় যে কোনো চরিত্র সমানভাবে ফুটিয়ে তুলতে পারেন তিনি। এবার এই নন্দিত অভিনেতাকেই দেখা যাবে এক গল্পে চারটি চরিত্রে অভিনয় করতে।
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) চলা শিশুতোষ ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’র ২৩ থেকে ২৬তম পর্বে দেখা যাবে ‘আগুনপাখির বাসা’ নামের একটি গল্প। ওই গল্পেই একা চারটি চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর।
গল্পে আসাদুজ্জামান নূর নিজেকে সুইপার, মালি, দারোয়ান ও মুক্তিযোদ্ধার চরিত্র ফুটিয়ে তুলেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীল এবং অভিনেতা কবির আহমেদ ও অভিনেত্রী ফারজানা ছবি।
নাটকে শিশু গোয়েন্দা মিতু ও টিটু বন্ধুদের মাধ্যমে জানতে পারে এলাকার একটি পুরোনো বাসায় নাসির আহমেদ নামে একজন বসবাস শুরু করেছে। এছাড়া সুইপার সুখলাল, মালি জগলুল ও দারোয়ান শাহনূর থাকে। কিন্তু তাদের চারজনের কাউকেই কখনো একসঙ্গে দেখা যায় না। খুদে গোয়েন্দাদের এই রহস্য উদঘাটন ও মুক্তিযুদ্ধের বীরত্বময় কিছু করুণ কাহিনী নিয়েই এই গল্প সাজানো হয়েছে।
স্বপন নাথের রচনায় ও মো. এরশাদ হোসেনের প্রযোজনায় প্রতি শনিবার সকাল সাড়ে ১০টায় বিটিভিতে এই ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে। তবে ‘আগুনপাখির বাসা’ গল্পটি শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে।



