

ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই। ৫৭ বছর বয়সেই তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, বুধবার একটি রিয়েলিটি শো-তে অংশগ্রহণ নিয়েছিলেন। এবং সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
আন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবরে টলিপাড়ায় নেমেছে শোকের ছায়া।
নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন অভিষেক। এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে একসারিতে নাম ছিলো তার। উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো প্রতিভাশালী অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গেছে অভিষেক চট্টোপাধ্যয়কে। কাজ করেছেন শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও।
১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি ‘পথভোলা’ দিয়ে সিনেমায় যাত্রা। উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’, ‘মায়ের আঁচল’, ‘আলো’, ‘নীলাচলে কিরীটি’ প্রভৃতি।
বড় পর্দা নয়, ছোট পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। ‘ইচ্ছেনদী’, ‘পিতা’, ‘অপুর সংসার’, ‘অন্দরমহল’।



