

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার (১১ ডিসেম্বর) ইসির আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।প্রার্থিতা ফেরত পেয়ে সাংবাদিকদের মাহি বলেন, আমি ন্যায়বিচার পাব কি না এ নিয়ে চিন্তিত ছিলাম। কারণ আমি আমার জায়গা থেকে সৎ ছিলাম। আজকে সেটার প্রতিদান পেলাম। আমি শতভাগ বিশ্বাস করতে শুরু করেছি, এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।এ সময় এ চিত্রনায়িকা এ-ও জানান, তিনি যুদ্ধ করেই জিতবেন। আর ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে।সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর তালিকা মনোনয়নপত্রের সাথে জমা দিতে হয়। সেই তালিকায় ‘ভুয়া স্বাক্ষর’ পাওয়ার অভিযোগে মাহির মনোনয়নপত্র বাতিল করেছিলেন রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ।রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করে এবার প্রার্থিতা ফিরে পেলেন মাহিয়া মাহি।এর আগে, রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান এই নায়িকা। তবে দলের মনোনয়ন পাননি তিনি। অন্যদিকে, এই আসনে নৌকা পেয়ে টানা পঞ্চমবারের মতো দলটির প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।


