
‘মিয়া ভাই’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। হঠাৎ এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে রোববার (১০ এপ্রিল) তার পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি ভালো আছেন।
রোববার সকালে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে নায়ক ফারুক মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত হতে বিদেশে অবস্থানরত ফারুকের স্ত্রী ফারহানা পাঠানের সঙ্গে হোয়াটস অ্যাপে যোগাযোগ করেন সাংবাদিকরা।
এ সময় আকবর হোসেন পাঠানের স্ত্রী জানান, ‘আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মিয়া ভাই ভালো আছেন। তার সুস্থতারে জন্য আপনারা দোয়া করবেন।’
প্রসঙ্গত, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নায়ক ফারুক। গত ১৩ মার্চ স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গেলে সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার মস্তিষ্কে একধরনের জীবাণুর সন্ধান পান চিকিৎসকরা। একই সময়ে রক্তে দুটি সংক্রমণও ধরা পড়ে। সে সময় জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়।
প্রথম দিকে ফারুকের অবস্থা আশঙ্কাজনক ছিল। এরপর কিছুটা উন্নতি হয়। তবে সেটা বেশিদিন স্থায়ী হয়নি। আবারও সংকটাপন্ন অবস্থায় চলে যান।



