রেকর্ড, নাটকীয়তা, চমক আর আবেগঘন মুহূর্তে ভরপুর ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড। একদিকে যেমন ইতিহাস গড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে নতুন রেকর্ডে বিশ্বকাপকে রাঙিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি নরওয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান, মিসরের ঐতিহাসিক জয়, ইরানের লড়াকু মানসিকতা এবং তুরস্কের হতাশাজনক বিদায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে আলোচিত ১০টি ঘটনা ও পারফরম্যান্স তুলে ধরা হলো—

ইতিহাসের পাতায় রোনালদো

উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার বিরল কীর্তি অর্জন করেছেন।

citytouch 728-X-90

রেকর্ড ভাঙছেন মেসি

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছেন লিওনেল মেসি। এর মাধ্যমে ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

একদিনে তিন সুপারস্টারের গোল উৎসব

দ্বিতীয় রাউন্ডে একই দিনে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড। গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে রয়েছেন এই তিন তারকা।

ভাইকিং উদযাপনে নরওয়ে

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। সাফল্যের পর দলটির ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে মিসর। দীর্ঘ ৯২ বছরের অপেক্ষার পর এই জয়ে উচ্ছ্বাসে মেতেছেন মোহাম্মদ সালাহ ও তার সতীর্থরা।

এশিয়ার সেরা আশা জাপান

নেদারল্যান্ডসের সঙ্গে ড্রয়ের পর তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। চার পয়েন্ট নিয়ে এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে তারা।

লড়াইয়ে টিকে আছে ইরান

রাজনৈতিক ও ভ্রমণসংক্রান্ত নানা প্রতিবন্ধকতার মধ্যেও দুই ম্যাচে অপরাজিত রয়েছে ইরান। দুটি ড্র নিয়ে এখনও নকআউট পর্বের লড়াইয়ে টিকে আছে দলটি।

হতাশার নাম তুরস্ক

তারকাবহুল স্কোয়াড নিয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি তুরস্ক। প্যারাগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।

পুলিসিচ ছাড়াই নকআউটে যুক্তরাষ্ট্র

চোটের কারণে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান পুলিসিচকে ছাড়াই খেলছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। দলগত নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে তারা।

নতুন নিয়মের প্রথম লাল কার্ড

প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন নতুন নিয়মের প্রথম শিকার হয়েছেন। মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার কারণে সরাসরি লাল কার্ড দেখেন তিনি, যা বিশ্বকাপের নতুন আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নকআউট পর্বের উত্তেজনাও তুঙ্গে উঠেছে। রোনালদো ও মেসির রেকর্ডযাত্রা, উদীয়মান দলগুলোর চমক এবং শিরোপা লড়াইয়ের সমীকরণ এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।