ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্যাটম্যানের মুখোশ পরেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁদের এই প্রতীকী প্রতিবাদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপি নেতারা এ নিয়ে কটাক্ষ করে বলেছেন, দেশের রাজনীতিতে কোনো সুপারহিরোর প্রয়োজন নেই।

ঘটনার সূত্রপাত নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ মিছিলকে ঘিরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করেন বিরোধী নেতারা।

বিক্ষোভ চলাকালে কয়েকজন তরুণকে ব্যাটম্যানের মুখোশ পরে অংশ নিতে দেখা যায়। বিষয়টি নজরে এলে রাহুল গান্ধীও একটি মুখোশ পরেন। মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বাসে যাত্রার সময় তাঁর মুখে ব্যাটম্যানের মুখোশ দেখা যায়। এমনকি খাড়গেকেও মুখোশ পরতে সাহায্য করেন রাহুল।

citytouch 728-X-90

এই ঘটনাকে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরির একটি প্রতীকী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে বিজেপি নেতাদের দাবি, এমন কৌশলের মাধ্যমে বিরোধীরা তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাঁদের মতে, এই প্রতিবাদ রাজনৈতিকভাবে বিরোধীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে ব্যাটম্যান এবং তাঁর সহযোগী রবিনের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘দিল্লি গথাম নয়, আর আমাদের কোনো অন্ধকার সুপারহিরো ও রবিনের প্রয়োজন নেই।’

ব্যাটম্যানের কাল্পনিক জগতে গথাম সিটি অপরাধপ্রবণ শহর হিসেবে পরিচিত। সেই প্রসঙ্গ টেনেই বিজেপি নেতা বিরোধী নেতাদের ব্যঙ্গ করেছেন বলে মনে করা হচ্ছে।

এর আগে গত আগস্টে ইনস্টাগ্রামে শিক্ষার্থী ও জেন-জি প্রজন্মের সঙ্গে এক আলাপচারিতায় রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ব্যাটম্যান? জবাবে তিনি বলেছিলেন, তাঁকে ও ব্যাটম্যানকে কখনো একই ঘরে একসঙ্গে দেখা যায়নি।

পরবর্তী সময়ে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় কংগ্রেসের কার্যালয়গুলোর আশপাশে রাহুল গান্ধীকে ‘বাস্তব জীবনের ব্যাটম্যান’ আখ্যা দিয়ে পোস্টারও দেখা যায়।

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আন্দোলনের মধ্যে ব্যাটম্যানের মুখোশ পরার ঘটনাটি এখন রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে বিরোধীদের প্রতীকী প্রতিবাদ, অন্যদিকে বিজেপির ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া—সব মিলিয়ে ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।