টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে রাস্তার ওপর থাকা একটি ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির মরদেহ দাফন করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল সালাম ওই গ্রামের একাব্বর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় মারা যান আব্দুল সালাম। পরে রাতেই স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসেন। রাতে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি। পরে সোমবার সকালে মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

citytouch 728-X-90

বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন জানান, কবরস্থানে মরদেহ নিয়ে যাওয়ার রাস্তা না থাকায় প্রতিবেশীদের চলাচলের পথ করে দিতে অনুরোধ করা হয়েছিল। তবে তাঁরা এতে সাড়া দেননি বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে রাস্তার ওপর থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে পথ তৈরি করা হয়। এরপর স্বজন ও এলাকাবাসী আব্দুল সালামের মরদেহ দাফন করেন।