কুমিল্লার দাউদকান্দিতে প্রাতঃভ্রমণে বের হয়ে অজ্ঞাত একটি যানবাহনের চাপায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বাড়ি থেকে বের হন এই দম্পতি। একপর্যায়ে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

citytouch 728-X-90

দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাঁদের সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্ত এবং চালককে আটক করতে মহাসড়কের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মহাসড়কে পথচারীদের নিরাপত্তা এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি আবারও সামনে এসেছে।