কুড়িগ্রামের রাজারহাটে একটি বাড়ির রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আসমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারি গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসমান ওই গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসমানের বাড়িতে গাঁজার গাছ থাকার তথ্য পাওয়া যায়। পরে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘরের পেছনে থাকা প্রায় ১৪ ফুট উচ্চতার গাঁজার গাছটি উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আসমান প্রায় এক বছর ধরে গাছটি গোপনে পরিচর্যা করার কথা স্বীকার করেছেন।
রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ জানান, গাঁজার গাছটি উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










