বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলিতে এক শিক্ষার্থীর ডান চোখ নষ্ট হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হামিদুল আলমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে হামিদুল আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুজ্জামান তাঁকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন সিয়াম ব্যাপারী নামের এক শিক্ষার্থী। গুলিতে তাঁর ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

citytouch 728-X-90

এ ঘটনায় চিকিৎসা নেওয়ার পর সিয়াম ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলাটির তদন্তের অংশ হিসেবে হামিদুল আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

এর আগে গত ৬ মে বগুড়ায় দায়ের করা একটি দুর্নীতির মামলায় হামিদুল আলমকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় এবার জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীকে গুলি করে গুরুতর আহত করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হলো।