রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় একটি বাসা থেকে শিরিন বেগম (৩৫) নামের এক নারীর চার টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী দুলাল (৫০)কে আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকার ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. একেএম মইনুদ্দিন জানান, জরুরি সেবা নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে। তাঁর শরীর চার টুকরো করা অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে তাঁর স্বামীকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। শিরিন বেগমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিরিন বেগমের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালী গ্রামে। তাঁর বাবার নাম সোহরাব আলী। তাঁর এক ছেলে চট্টগ্রামে এবং এক মেয়ে গাজীপুরে থাকেন। তাঁদের ঘটনাটি জানানো হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।










