দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।
তিনি জানান, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে রোববার রাতে ডিবি পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযোগের বিষয়ে আকতার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তা সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করছিলেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
তবে অভিযোগগুলোর বিষয়ে গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।










