যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে অঙ্গরাজ্যটির ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে মিরর লেক স্টেট পার্কের কাছে একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট ডানায় বরফ জমার কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি পাওয়ার পর বিমানটি ডানদিকে বাঁক নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে বাঁক নেওয়ার গতি দ্রুত বেড়ে যায়। এরপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর ট্র্যাকিং তথ্য পাওয়া যায়নি।
সুক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় পাঁচজন প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
বিমানটি ছিল ফিক্সড-উইং পাইপার পিএ-৪৬ মডেলের। দুর্ঘটনার আগে এটি কাছের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানিয়েছে পুলিশ। ওই কথোপকথন এবং দুর্ঘটনার পেছনে আবহাওয়ার কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
দুর্ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষতি হয়নি এবং অন্য কারও আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
ঘটনাটি তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কর্মকর্তারা।










