চীনের রাজধানী বেইজিংয়ে দ্রুত বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। ২০৩৫ সালের মধ্যে শহরটির মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের বয়স হবে ৬০ বছর বা তার বেশি। এতে দেশটির অর্থনীতি, শ্রমবাজার ও পেনশন ব্যবস্থার ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বেইজিংয়ে ৬০ বছর বা তার বেশি বয়সী স্থায়ী বাসিন্দার সংখ্যা ছিল ৫২ লাখ ৯০ হাজার। শহরটির মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশই এখন এই বয়সসীমার অন্তর্ভুক্ত।
প্রবীণ মানুষের সংখ্যা বাড়তে থাকায় তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বেইজিংয়ের নগর কর্তৃপক্ষ। এর মধ্যে মৌলিক পেনশনের পরিমাণ বাড়ানোর উদ্যোগও রয়েছে।
চীনের অর্থনৈতিক পরিকল্পনায় জনসংখ্যার ভারসাম্য রক্ষা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। জন্মহার বাড়ানো এবং জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার।
জন্মহার বাড়াতে সরকারের ব্যয়ও বাড়ছে। প্রকাশিত হিসাব অনুযায়ী, চলতি বছরে জন্মহার বৃদ্ধির উদ্যোগে চীন সরকারের সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১৮ হাজার কোটি ইউয়ান, যা প্রায় ২ হাজার ৬৯২ কোটি মার্কিন ডলারের সমান।
চীনের জনসংখ্যা ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে কমছে। একই সঙ্গে দ্রুত বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানো এবং ঋণের চাপ নিয়ন্ত্রণের লক্ষ্যগুলো অর্জন করা কঠিন হয়ে উঠছে।
শ্রমশক্তি কমছে, বাড়ছে পেনশনের চাপ
আগামী বছরগুলোতে চীনে বিপুলসংখ্যক মানুষ কর্মজীবন থেকে অবসরে যাবেন। এতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি পেনশন ব্যবস্থার ওপর চাপ বাড়বে। বয়স্ক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের মতে, জন্মহার কমে গেলে দীর্ঘ মেয়াদে নতুন পরিবার গঠনের সংখ্যা কমতে পারে। এতে পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধির গতিও ধীর হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শ্রমিকের সংখ্যা কমে গেলে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতেও বাড়তি চাপ তৈরি হতে পারে।
সব মিলিয়ে, প্রবীণ মানুষের সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার কমে যাওয়ার প্রবণতা চীনের সামনে দীর্ঘমেয়াদি জনসংখ্যাগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় জন্মহার বৃদ্ধির পাশাপাশি পেনশন, স্বাস্থ্যসেবা ও শ্রমবাজারে কার্যকর নীতি গ্রহণ দেশটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।









