প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় এ ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির টেমোতু প্রদেশের রাজধানী লাতা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। সোমবার ০৩টা ৩৫ মিনিটে (জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে।
সংস্থাটির তথ্য বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ধারণ করা হয়েছে দক্ষিণ অক্ষাংশের ১০ দশমিক ৯০ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১৬৫ দশমিক ৬২ ডিগ্রিতে।
তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।









