মৃত্যু ও পরকাল নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে ধার্মিক মানুষ হিসেবে দাবি করে মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে বলেছেন, তিনি নরকে যেতে চান না।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে জীবন, মৃত্যু ও পরকাল নিয়ে ট্রাম্পকে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিক রস ডাউথ্যাট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর একাধিকবার হত্যাচেষ্টার মুখে পড়া ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মৃত্যুর পর মানুষের কী হয় বলে তিনি মনে করেন।

কিছুক্ষণ নীরব থাকার পর ট্রাম্প বলেন, তিনি আশা করেন মানুষ তাকে মনে রাখবে এবং তার অনুপস্থিতি অনুভব করবে। এরপর নিজেকে একজন ধার্মিক মানুষ উল্লেখ করে তিনি বলেন, নিয়ম অনুযায়ী তার স্বর্গে যাওয়ার কথা। তিনি সেটাই আশা করেন, কারণ নরকে যেতে চান না।

সাক্ষাৎকারে সাংবাদিক তাকে আরও একটি প্রশ্ন করেন। তিনি জানতে চান, ধরুন পরকালে জান্নাতে প্রবেশের শর্ত হলো রাজনৈতিক শত্রুদের ক্ষমা করা এবং তাদের ভালোবাসা—সে ক্ষেত্রে ট্রাম্প কি তা করতে পারবেন?

জবাবে ট্রাম্প সরাসরি বলেন, তিনি তা পারবেন না। তিনি স্বীকার করেন, কিছু রাজনৈতিক প্রতিপক্ষকে হয়তো ক্ষমা করতে পারবেন না। কারণ, তাদের কয়েকজনকে তিনি সত্যিই ঘৃণা করেন এবং আজীবন ঘৃণা করবেন বলেও মন্তব্য করেন।

পরকাল ও ক্ষমা নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য সাক্ষাৎকারে আলোচনার জন্ম দিয়েছে।