চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ানে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন।
সোমবার (৯ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের একটি ব্যস্ত সড়কের পাশে অবস্থিত আবাসিক ভবনটিতে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আহত ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৫ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।
কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাত সাড়ে ৮টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চীনের অন্যতম শিল্প ও উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত তাইইউয়ানে এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









