পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকদের একটি দল। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) চিকিৎসকরা।
পাকিস্তানি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একজন চিকিৎসকের নেতৃত্বে দলটি কারাগারে পৌঁছায়। এ সময় কারা হাসপাতালের চিকিৎসকরাও তাদের সহযোগিতা করেন।
স্বাস্থ্য পরীক্ষার সময় ইমরান খানের রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করেন চিকিৎসকরা। পাশাপাশি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বর্তমানে যেসব ওষুধ সেবন করছেন, সেগুলোও পর্যালোচনা করেন।
চিকিৎসকরা তার চলমান চিকিৎসার অগ্রগতি ও ওষুধের কার্যকারিতা মূল্যায়নের জন্য এসব পরীক্ষা করেন।
ইমরান খানের পাশাপাশি তার স্ত্রী বুশরা বিবিরও বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি বর্তমানে সেবন করা ওষুধগুলোও পর্যালোচনা করেন চিকিৎসকরা।
পুরো স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে কারা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করেন। তবে পরীক্ষা শেষে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।









