যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইসরাইলের প্রতি মার্কিন ভোটারদের ক্রমবর্ধমান অনীহাকে অন্যতম কারণ বলে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াকেও দলটির ভরাডুবির জন্য দায়ী করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। শুক্রবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসে সাক্ষাৎকারটি নেওয়া হয়।

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারায় রিপাবলিকান পার্টি। নির্বাচনে এমন বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজের জনপ্রিয়তা এখনো অটুট বলে দাবি করেন ট্রাম্প। তার মতে, রিপাবলিকান প্রার্থীরা তার জনপ্রিয়তাকে ভোটে রূপান্তর করতে পারেননি।

ট্রাম্প বলেন, তিনি নিজে নির্বাচনে প্রার্থী ছিলেন না। তবে কয়েকজন রিপাবলিকান প্রার্থীর পক্ষে জোরেশোরে প্রচার চালিয়েছেন। তিনি নির্বাচনে প্রার্থী হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও মন্তব্য করেন।

নিজের নির্বাচনি সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কথা তুলে ধরলেও ভোটারদের সিদ্ধান্তে অন্যান্য বিষয় প্রভাব ফেলেছে বলে স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, মানুষ যুদ্ধ পছন্দ করেনি। পাশাপাশি জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াও ভোটারদের অসন্তুষ্টির কারণ হয়েছে।

ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়—এ বিষয়ে সবাই একমত।

সাক্ষাৎকারে ইসরাইলের প্রতি মার্কিনিদের নেতিবাচক মনোভাবের বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ইসরাইলের প্রতি মানুষের মধ্যে ব্যাপক অনীহা তৈরি হয়েছে। যুদ্ধ এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি এই মনোভাবও নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

তবে মার্কিন ভোটারদের কোন শ্রেণির মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব বেড়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। এ দাবির পক্ষে কোনো জনমত জরিপের তথ্যও তুলে ধরেননি তিনি।

সাক্ষাৎকারে নিজের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’ আন্দোলনের ঐতিহ্যগত যুদ্ধবিরোধী অবস্থানের কথাও স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, মাগা আন্দোলন এবং তিনি সব সময়ই যুদ্ধ থেকে দূরে থাকতে চান।

এ ছাড়া তার প্রশাসন ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।