ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের পেছনেও ছিল লবিং কার্যক্রম। এ কাজের সঙ্গে যুক্ত মার্কিন প্রতিষ্ঠানকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার বা প্রায় ৯৩ লাখ টাকা পারিশ্রমিক দিত ভারত সরকার।
যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথিপত্রে এ তথ্য উঠে এসেছে। শনিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় ভারত সরকার। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার দেওয়ার কথা ছিল।
প্রতিষ্ঠানটির মূল দলের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের কয়েকজন ব্যক্তিরও সংশ্লিষ্টতা রয়েছে। ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের সাবেক যোগাযোগ পরিচালক প্রতিষ্ঠানটির মূল দলের সদস্য ছিলেন। এ ছাড়া ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফও ২০২৪ সালের শেষ দিক পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ফারার আওতায় জমা দেওয়া নথিতে গত জুনে মোদিকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের দেওয়া পোস্টটিকে প্রতিষ্ঠানটির কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ভারত সরকারের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের যোগাযোগ তৈরিতে আরেকটি মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসির ভূমিকার কথাও উঠে এসেছে। প্রতিষ্ঠানটির প্রধান ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
নথি অনুযায়ী, গত মে ও জুন মাসে ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের আটটি ফোনালাপের ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি। এসব যোগাযোগের মূল বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।
২০২৫ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয় ভারত সরকার। পরে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে প্রতিষ্ঠানটির প্রধান ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মী হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়।
ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রতিষ্ঠানটির মাসে দেড় লাখ ডলারের চুক্তি হয়েছিল। এর আওতায় যুক্তরাষ্ট্রের সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং নীতিনির্ধারণী বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়ার কথা ছিল।
নথিতে আরও বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের আগে গত মে মাসে কয়েকটি ফোনালাপের ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি। এসব আলোচনায় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক কর্মকর্তারা অংশ নেন।
পররাষ্ট্রমন্ত্রীর সফরের পর জুন মাসেও আরও কয়েকটি ফোনালাপের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি, ট্রাম্পের নীতিবিষয়ক উপদেষ্টা এবং হোয়াইট হাউসের যোগাযোগ বিভাগের কর্মকর্তারা যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, ফারা আইনের আওতায় যুক্তরাষ্ট্রে বিদেশি সরকারের হয়ে রাজনৈতিক ও লবিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের কাজের ধরন, মক্কেল এবং আর্থিক লেনদেনের বিবরণ প্রকাশ করতে হয়। এসব নথির মাধ্যমেই ভারত সরকারের লবিং কার্যক্রমের বিস্তারিত তথ্য সামনে এসেছে।









