মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ আয়োজনের বিস্তারিত তথ্য জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, লালন সাঁইয়ের গান, দর্শন ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা জানাতেই এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে মানুষের পরিচয় ও মানবসত্তার অনুসন্ধানে লালনের দর্শন আজও গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক।

citytouch 728-X-90

১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহা. হারুন-অর-রশীদ।

সাংস্কৃতিক পর্বে দেশের প্রথিতযশা লালনশিল্পী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী এবং বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

এ ছাড়া একই দিন দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলায় লালন সাঁইয়ের জীবন, গান ও দর্শনভিত্তিক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজকেরা জানিয়েছেন, এসব অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।