বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে তা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়ন করা উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করলে স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বিরোধী দলের অংশ না নেওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও দেশের মানুষের স্বার্থে কাজ করার ক্ষেত্রে দ্বিমত থাকা উচিত নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, উভয় আন্দোলনের লক্ষ্য ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।

প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে বলেও জানান তিনি। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছর সরকার দেশ পরিচালনা করবে।

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল চেনে না। তাই এ রোগ প্রতিরোধে সবাইকে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।