হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করতে আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রামে যাবেন। ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাওয়ার মধ্য দিয়ে দেশের সরকারপ্রধান হিসেবে তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন বলেও জানান তিনি। চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিন জেলার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।

আজ দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।

সন্ধ্যায় নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে র‌্যাডিসন ব্লু হোটেলে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি জানান, দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাজশাহী

রাজশাহীতে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। দুপুরে নগরীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। পরে বিকেল ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক সংস্কার, সড়ক বিভাজকে রং করা এবং নগরীর সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

প্রধানমন্ত্রীর জনসভায় রাজশাহীর উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরার প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী-কলকাতা, রাজশাহী-ঢাকা ও রাজশাহী-চট্টগ্রাম রুটে সরাসরি ট্রেন চালু এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করার মতো কয়েকটি দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

রংপুর

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রংপুর নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তাঁর আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে রংপুর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ।

জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর গাড়িবহর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে নগরীতে নজরদারি বাড়িয়েছে সিটি করপোরেশন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুরের রাধা গোবিন্দ মন্দির, যা ধর্মসভা মন্দির নামেও পরিচিত, সেই পূজামণ্ডপ পরিদর্শন করবেন।