যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের পতন দেখা গেছে। জ্বালানির উচ্চমূল্য ও অর্থনীতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ার মধ্যে তাঁর প্রতি সমর্থন কমে ৩১ শতাংশে নেমেছে, যা তাঁর দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে এই পরিস্থিতি রিপাবলিকান পার্টির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সাম্প্রতিক এক জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত চার দিনব্যাপী এক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব পালনে সন্তুষ্ট মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক। দুই সপ্তাহ আগের জরিপের তুলনায় এ হার ১ শতাংশ কমেছে।

কংগ্রেস নির্বাচনে কোন দলকে ভোট দেবেন—এমন প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্রেটিক পার্টি এবং ৩৫ শতাংশ রিপাবলিকান পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন। এতে দুই দলের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১২ শতাংশে। দুই সপ্তাহ আগে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে ৭ শতাংশ এগিয়ে ছিলেন।

নারী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের সমর্থন তুলনামূলক বেশি। জরিপে ৫০ শতাংশ নারী ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন। বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন, যদিও দুই দলের ব্যবধান তুলনামূলক কম।

অর্থনীতি নিয়ে অসন্তোষ বাড়ছে

অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে মার্কিন নাগরিকদের অসন্তোষ বাড়ছে। জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অর্থনীতি সামলানোর ক্ষেত্রে তাঁরা ট্রাম্পের ওপর সন্তুষ্ট নন। অসন্তুষ্টদের মধ্যে স্বঘোষিত রিপাবলিকান সমর্থকেরাও রয়েছেন; তাঁদের হার ৩৭ শতাংশ।

অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে কোন দলকে বেশি আস্থার যোগ্য মনে করেন, এমন প্রশ্নে ৪০ শতাংশ উত্তরদাতা ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের ওপর আস্থা রেখেছেন ৩৩ শতাংশ।

জ্বালানির দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ ট্রাম্প প্রশাসনের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। এসব বিষয় ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

নির্বাচনে চাপে পড়তে পারে রিপাবলিকানরা

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদ বা সিনেটের যেকোনো একটির নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের জন্য বাকি মেয়াদে নিজের নীতিগত পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে।

তবে জাতীয় পর্যায়ের জনমত জরিপ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ, প্রতিনিধি পরিষদ ও সিনেটের নির্বাচনের ফল নির্ভর করে অঙ্গরাজ্য ও নির্বাচনি এলাকাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার ওপর।

অনলাইনে পরিচালিত জরিপটিতে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন। সব উত্তরদাতার ক্ষেত্রে জরিপের সম্ভাব্য ভুলের সীমা ২ শতাংশ এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশ।