বিশ্বের অন্তত ৭২টি দেশের কারাগারে ২১ হাজার ৬৪৭ জন পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছেন। পাকিস্তানের জাতীয় পরিষদে এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার লিখিত জবাবে জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ২১ হাজার ৬৪৭ জন পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদেশের কারাগারে বন্দি পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। দেশটির কারাগারে বন্দি আছেন ৫ হাজার ২৯৭ জন পাকিস্তানি নাগরিক।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটির বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন ৪ হাজার ৭৭৫ জন পাকিস্তানি। অন্যদিকে, ভারতে বন্দি পাকিস্তানি নাগরিকের সংখ্যা ৭৩৮।

বিদেশের কারাগারে বন্দি পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব অভিযোগের মধ্যে রয়েছে প্রতারণা, মাদক পাচার, যৌন নিপীড়ন, জাল ভিসা বা নথি ব্যবহার, হত্যা এবং অন্যান্য অপরাধ।

পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে এক সদস্যের উত্থাপিত প্রশ্নের জবাবে এসব তথ্য প্রকাশ করা হয়।